ছবির ক্যাপশন:
আরও ৩৪ জনসহ দেশে মৃত্যু ছাড়াল ৭ হাজার, শনাক্ত ১৩২৯
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মৃত্যু হলো ৭ হাজার ২০ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৩২৯ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ দেশে ১২ হাজার ৬৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৫২ শতাংশ। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে বরকত আলী জোয়ার্দ্দার (১০১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২ জনে। গতকাল জেলায় করোনা পরীক্ষার কোনো ফলাফল প্রকাশ করেনি জেলা সিভিল সার্জন অফিস। জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৬১৫ জন। গতকাল করোনায় মারা যাওয়া বরকত আলী জোয়ার্দ্দার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের মৃত হারুন মন্ডলের ছেলে। জানা যায়, গত শুক্রবার তাঁর শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়। এসময় তাঁকে সদর হাসপাতালে করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গায় সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত সন্দেহে তাঁর নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। পরদিন শুক্রবার প্রাপ্ত ফলাফলে তাঁর নমুনায় করোনা শনাক্ত হয়। পরে তাঁকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে বৃদ্ধ বরকত আলীর মৃত্যু হয়। সকালে তাঁর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার মরদেহ বিধি বিধান অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হয়।
এদিকে, গত শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ না করায় গতকাল করোনার কোনো ফলাফল ছিলো না। গতকাল জেলায় নতুন ৬ জন সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৯ জন। তবে গতকাল করোনা পরীক্ষার জন্য জেলা স্বাস্থ্যবিভাগ চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৭টি ও দামুড়হুদা উপজেলা থেকে ৩টি নমুনাসহ ২০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ১২৯টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৮৮৯টি, পজিটিভ ১ হাজার ৬১৫টি, নেগেটিভ ৫ হাজার ৪৯৯টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৩৬ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৯ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪২ জন। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
