চুয়াডাঙ্গা ও মেহেরপুরে স্থাপিত হচ্ছে বিএসটিআই অফিস

আপলোড তারিখঃ 2020-12-10 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে স্থাপিত হচ্ছে বিএসটিআই অফিস ছবির ক্যাপশন:
খাদ্যে ভেজাল, ভেজালকারীদের দ্রুত শনাক্ত ও পণ্যের মান নিয়ন্ত্রণের উদ্যোগ : দেশের ৪৩টি জেলাসহ সমীকরণ প্রতিবেদন: খাদ্যে ভেজাল শনাক্ত, ভেজালকারীদের দ্রুত শনাক্ত এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেবা সহজীকরণে দেশের আটটি বিভাগীয় শহর ও ১৩ জেলায় ল্যাবরেটরি এবং অবশিষ্ট জেলাগুলোয় অফিস স্থাপনের জন্য জমি খুঁজছে পণ্যের মান নিয়ন্ত্রণ ও প্রণয়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এজন্য সংস্থাটির ৪৩ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ১৪টি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সদস্যরা এরই মধ্যে কাজ শুরু করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য খাদ্যদ্রব্যে নানা ধরনের অপদ্রব্য মিশ্রিত করছে। এসব ভেজাল খাবার খেয়ে মানুষ কিডনি, লিভার, হƒদরোগ, ডায়াবেটিস, মস্তিষ্কজনিত সমস্যাসহ নানা সমস্যায় ভুগছে। খাদ্যদ্রব্যে যাতে ভেজাল মেশানো না যায় সেজন্য মনিটরিং কার্যক্রম জোরদার ও দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশের ৪৩ জেলায় অফিস স্থাপন করছে বিএসটিআই। বিএসটিআই সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর বিএসটিআইয়ের এক অফিস আদেশে বলা হয়, ৪৩ জেলায় কার্যালয় স্থাপনের সম্ভাব্যতা যাচাই কমিটির কর্মপরিধি অনুযায়ী তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ১৪টি কমিটিকে সহায়তা প্রদানের জন্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। ওই দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা জমি খুঁজতে শুরু করেছেন। যেসব জেলায় তারা জমির সন্ধান পেয়েছেন সেখানকার জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করছেন। কীভাবে জমি রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করা যায় সে বিষয়ে এরই মধ্যে বেশ কয়েকজন কর্মকর্তা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন। সম্ভাব্যতা যাচাই কমিটির কর্মপরিধি অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে তথ্য ও কাগজপত্র কমিটির সভাপতির কাছে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, দেশের আট বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে অফিস রয়েছে। এছাড়া ফরিদপুর, কক্সবাজার ও কুমিল্লা জেলায় অফিস রয়েছে। অপর ১০টি জেলায় অফিস স্থাপনের পাশাপাশি ল্যাবরেটরিও স্থাপন করা হচ্ছে। সেসব জেলার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোপালগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, পটুয়াখালী, শরিয়তপুর, মাদারীপুর, নরসিংদী ও নোয়াখালী। যেসব জেলায় ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে সেগুলো আঞ্চলিক অফিস হিসেবে ব্যবহার করা হবে। বিএসটিআই জানায়, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, রাজবাড়ী, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও গাইবান্ধা জেলায় অফিস স্থাপন করা হবে। এ লক্ষে এসব এলাকায় জমি খোঁজা হচ্ছে। ল্যাবরেটরি ও অফিস স্থাপনের ব্যাপারে জানতে চাইলে বিএসটিআইয়ের পরিচালক (প্রশাসন) তাহের জামিল বলেন, দেশের আট বিভাগীয় শহর ও ১৩টি জেলায় অফিস স্থাপনের পাশাপাশি ল্যাবরেটরি স্থাপন করা হবে। এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং তিন জেলা অর্থাৎ কুমিল্লা, ফরিদপুর ও কক্সবাজারে ল্যাবরেটরি রয়েছে। অবশিষ্ট আরও ১০ জেলায় ল্যাবরেটরি স্থাপন করা হবে। এছাড়া অন্যান্য জেলা শহরে যেসব অফিস থাকবে, সেখানে সার্ভিল্যান্স কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। দেশের আট বিভাগ ও ১৩ জেলায় অর্থাৎ ২১টি অফিস হবে নিজস্ব ভবনে এবং অফিস স্থাপনের জন্য জমি পাওয়া না গেলে কোনো ভবনের অংশ নেওয়া হবে। নরসিংদী, নোয়াখালী, পটুয়াখালীসহ কয়েকটি জেলায় জমির সন্ধান পাওয়া গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)