দেশে ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৭৩

আপলোড তারিখঃ 2020-11-28 ইং
দেশে ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৭৩ ছবির ক্যাপশন:
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় আরও ৩ জন করোনায় আক্রান্ত সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৩ জন। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫৪৪ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন পরীক্ষাগারে ১৬ হাজার ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের কথা জানায় সরকার। শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল। তবে চলতি নভেম্বরের শুরুর দিক থেকে শনাক্তের হারে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। পাঁচ দিন ধরে পরীক্ষার সংখ্যা বিবেচনায় দেশে করোনা রোগী শনাক্তের হার ১৫ শতাংশের মতো। গত ১২ দিনের মধ্যে ১১ দিনই প্রতিদিন দুই হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা আসার আগপর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৮৬ জন। গতকাল শুক্রবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬১ জন। গতকাল নতুন আক্রান্ত তিন জনের মধ্যে চুয়াডাঙ্গা পৌর শহরের ১ জন, আলমডাঙ্গার ১ জন ও দামুড়হুদার ১ জন রয়েছে। তিনজনই পুরুষ, তাঁদের বয়স ২৪ থেকে ৩০ বছর পর্যন্ত। জানা যায়, গত বৃহস্পতিবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ২০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল ২০টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৩টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকি ১৭টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য কোনো নমুনা সংগ্রহ করেনি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৮২৪টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৬৫১টি, পজিটিভ ১ হাজার ৫৮৬টি, নেগেটিভ ৫ হাজার ২৩৮টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৬৫ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৮ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)