ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বিট পুলিশিং সভায় খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো। মাদকের সঙ্গে পুলিশ সদস্যদের সম্পৃক্ততা পেলে সাধারণ আসামির মতো তাদের সঙ্গেও একই আচরণ করা হবে। একই সঙ্গে জড়িতদের ফৌজদারী মামলাসহ বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে। ইতোমধ্যে আমরা খুলনা বিভাগে বেশ কিছু দৃষ্টান্ত স্থাপন করেছি। ২০ জনের অধিকের হাতে হাত কড়া পড়ানো হয়েছে।’ গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও বিট পুলিশিংয়ের আয়োজনে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার) আরও বলেন, ‘সৃষ্টিকর্তা আমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছে। আমি এই মানচিত্রকে ভালোবাসি, এই পতাকাকে ভালোবাসি, আমি এ দেশের ১৬ কোটি মানুষকে শ্রদ্ধা করি।’ বিট পুলিশিং সম্পর্কে তিনি বলেন, সার্ভিস নেওয়ার জন্য মানুষ দূরে যাবে না। কারণ, মানুষ হচ্ছে এ রাষ্ট্রের মুনিব। প্রজাতন্ত্রের মালিক এ দেশের জনগণ। সাধারণ মানুষের দৌরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য বিট পুলিশিং গঠন করা। পুলিশের বেতন হয় এ দেশের জনগণের টাকায়। এ দেশের জনগণের নিরাপত্তা দেওয়ায় পুলিশের প্রধান কাজ। পুলিশের কাজ শেষে নয়, প্রথমে মানুষকে সেবা দেওয়া।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাঈফের প্রাণবন্ত উপস্থাপনায় আরও বক্তব্য দেন সাংবাদিক শাহ আলম সনি, আলমডাঙ্গা পৌরসভার কাউন্সিলর মতিয়ার রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নের্তৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।
