ছবির ক্যাপশন:
২৪ ঘণ্টায় করোনায় আরও ৩০ জনের মৃদ্যু, আক্রান্ত ২৩৬৪
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৩০৫ জন। একই সময়ে নতুন করে ২ হাজার ৩৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জনে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৩৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৫৬ হাজার ৭২২ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী পাঁচজন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন ও বরিশাল বিভাগে দু’জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট বিভাগে একজন করে তিনজন রয়েছেন। এদের মধ্যে সবাই মারা গেছেন প্রাতিষ্ঠানিক আইসোলেশসে চিকিৎসাধীন অবস্থায়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫৯ জনে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার পাঁচজন ও জীবননগর উপজেলার দুইজন রয়েছে। আক্রান্তদের মধ্যে চারজন পুরুষ ও নারী তিনজন। বয়স ১১ থেকে ৬৩ বছরের মধ্যে। গতকাল জেলার সদর উপজেলা থেকে সাতজন ও জীবননগর উপজেলা থেকে পাঁজজনসহ মোট ১২ জন সুস্থ হয়েছেন। জেলায় এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৭ জন।
জানা যায়, গত বুধবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ২৬ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেলে প্রেরণ করে। গতকাল ২৬ টি নমুনার ফলাফলই সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধে ৭টি নমুনার ফলাফল পজেটিভ ও বাকী ১৯টি নমুনার ফলাফল নেগেটিভ আসে।
গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ সদর উপজেলা থেকে ১৮টি, আলমডাঙ্গা থেকে ২টি, দামুড়হুদা থেকে ২টি ও জীবননগর থেকে ২টি নমুনাসহ ২৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৬৬৩টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৪১৫টি, পজিটিভ ১ হাজার ৫৫৯টি, নেগেটিভ ৪ হাজার ৯১৬টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৪১জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৯জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
