ছবির ক্যাপশন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২১, শনাক্ত ১৮৩৭
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৩৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২১ জনের। দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ১৯৪ জনের। এ পর্যন্ত দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৪২ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ১৪ হাজার ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও চার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৩ জনে। গতকাল রোববার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত চার জনের মধ্যে সদর উপজেলার ১ জন, আলমডাঙ্গা উপজেলার ২ জন ও দামুড়হুদার ১ জন। দুইজন পুরুষ ও দুই জন নারী। বয়স ২৭ থেকে ৬৫ বছর পর্যন্ত। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। জেলায় এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪১ জন।
জানা যায়, গত শনিবার জেলা স্বাস্থ্যবিভাগ করনা আক্রান্ত সন্দেহে ২৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। গতকাল ২৮টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৪টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ২৪টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে সদর উপজেলা থেকে আরও ২৪ টি নমুনা সয়গ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৫৬৪টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৩২৯টি, পজিটিভ ১ হাজার ৫৪৩টি, নেগেটিভ ৪ হাজার ৮৩২টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৩৫জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৫জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
