ছবির ক্যাপশন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৯, শনাক্ত ১৭৬৭
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৬৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে আরও ১৯ জনের। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৯ জন। দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ১৯ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ৬ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৯ জনে। গতকাল শুক্রবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্তদের সদর উপজেলার ১ জন ও দামুড়হুদার ২ জন। একজন পুরুষ ও দুই জন নারী। বয়স ৪২ থেকে ৬৫ বছর পর্যন্ত। গতকাল সদর উপজেলা থেকে ৬ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৮ জন।
জানা যায়, গত বৃহস্পতিবার জেলা স্বাস্থ্যবিভাগ করনা আক্রান্ত সন্দেহে ১৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। গতকাল এর মধ্যে ১৬টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে তিনটি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ১৩টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে কোন নমুনা সংগ্রহ করেনি।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৫১২টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৩০১টি, পজিটিভ ১ হাজার ৫৩৯টি, নেগেটিভ ৪ হাজার ৮০৮টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৩৫জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৩জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
