ভারতের সঙ্গে সব চুক্তিই প্রকাশ হবে : পররাষ্ট্রমন্ত্রী

আপলোড তারিখঃ 2017-04-04 ইং
ভারতের সঙ্গে সব চুক্তিই প্রকাশ হবে : পররাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলছেন, এর সবই জনগণের সামনে প্রকাশ করবে সরকার। শেখ হাসিনার বহুল আলোচিত সফরের সম্ভাব্য চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী ৭ থেকে ১০ এপ্রিল রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন শেখ হাসিনা। সফরে যে সব চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, তার বেশিরভাগই বর্ডার হাট স্থাপন, তথ্য ও সম্প্রচার, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ভূ-তাত্ত্বিক বিজ্ঞান, প্রতিরক্ষা সহযোগিতা, ভারত কর্তৃক প্রদেয় লাইন অব ক্রেডিট (এলওসি), কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ৩৫টির মধ্যে কতটি চুক্তি, কতটি সমঝোতা স্মারক সে বিষয়ে সুস্পষ্ট করে কিছু না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা এখনও চলছে, কাজেই প্রায় বলেছি। প্রতিরক্ষা বিষয়ে কোনো চুক্তি হচ্ছে কি না- এ প্রশ্নে মাহমুদ আলী বলেন, `যখন হবে তখন দেখতে পাবেন, আমরা সবাইকে জানিয়ে দেব। এখানে গোপন-টোপন করার কিছু নেই। এই সফরে সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। বিএনপি এই চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা দাবি করছে, সরকার দেশের সার্বভৌমত্ব ‘বিকিয়ে’ দিতে চাইছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ক বর্তমানে বিশেষ উচ্চতায় অবস্থান করছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক গভীরতর হওয়াসহ সার্বিকভাবে এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন নতুন উদ্যোগ গৃহীত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)