ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: একজন দক্ষ সেনা সদস্য হিসেবে জাতিসংঘ মিশন ও র্যাবের গুরুত্বপূর্ণ পদে নিজের যোগ্যতার প্রমাণ রেখে গেছেন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানের সময় বোমা হামলায় আহত এই কর্মকর্তা গতরাতে মারা যান। আজ তার জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ, র্যাব, সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানসহ স্বজন, বন্ধু ও সহকর্মীরা। লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, জন্ম ১৯৭৫ সালের ৩০ অক্টোবর, চাঁপাইনবাবগঞ্জে। দীর্ঘ কর্মজীবনের শুরু ৭ই জুন ১৯৯৬ সালে ৩৪তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভের মাধ্যমে। পরবর্তীতে নবীন অফিসার হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। এরপর বিভিন্ন সময় তিনি সেনা সদর, প্রশাসনিক শাখা, জাতিসংঘের মিশনে আইভেরিকোস্ট, প্যারা কমান্ডো ব্যাটেলিয়ন, ১৯ ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি একজন কমান্ডো ছিলেন। ২৬শে অক্টোবর ২০১১ থেকে ৩০ ডিসেম্বর ২০১১ পর্যন্ত তিনি র্যাব ১২ এর কোম্পানি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পহেলা ডিসেম্বর ২০১১ থেকে ৭ই ডিসেম্বর ২০১৩ পর্যন্ত র্যাব ফোর্সের সদর দপ্তরে ইন্টেলিজেন্স উইংসের উপ পরিচালক এবং ৮ই ডিসেম্বর ২০১৩ থেকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেষবার র্যাব সদর দফতরে সংস্থাটির গোয়েন্দা শাখার পরিচালক হিসেব অংশ নেন সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময়। সেখানেই বোমার স্প্লিনটারে আহত হন এই মেধাবী সৈনিক। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর, বৃহস্পতিবার ডাক্তার জানান, আর ফিরবেন না আবুল কালাম আজাদ। ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, 'ময়নাতদন্ত কালে আমরা তার শরীরে একটি ক্ষত পেয়েছি। বোমার একটি স্পিন্টার তার চোখ দিয়ে ঢুকে ব্রেনে যেয়ে ব্রেন ড্যামেজ করে ফেলে'। ময়নাতদন্ত শেষে বাদ জুমা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে আবুল কালাম আজাদের প্রথম জানাজা। উপস্থিত ছিলেন সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধান। পরে লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের মরদেহ নিয়ে যাওয়া হয় তার শেষ কর্মস্থলে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মহাপরিদর্শক , র্যাবের মহাপরিচালক , ডিএমপি কমিশনারসহ আইনশৃঙ্খলাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা। এসময় জঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা একজন দেশপ্রেমিক দক্ষ অফিসারকে হারিয়েছি। এটা আমাদের দেশের জন্যে র্যাব বাহিনীর জন্যে বিশাল ক্ষতি। বনানী কবরস্থানে লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন করা হয়।
