ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় করোনাভাইরাস মোকাবিলা বিষয়ক মতবিনিময় সভায় সচিব ড. নাজমানারা খানুম
নিজস্ব প্রতিবেদক:
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও চুয়াডাঙ্গা জেলার করোনা পরিস্থিতি মনিটরিং-এ সরকারে দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, শীতে যাতে করোনার প্রকোপ বৃদ্ধি হতে না পারে, সেজন্য এখন থেকেই প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে হবে। একটি একটি কারণ অনুসন্ধান করে, মোকাবিলা করার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। সরকার এখন পর্যন্ত করোনা পরিস্থিতিকে উন্নত দেশের সাথে মিলিয়ে, কোনো কোনো ক্ষেত্রে তাদের থেকেও অনেক ভালোভাবে মোকাবিলা করছে। এই শীতে যাতে করোনার প্রভাব দ্বিতীয়পর্যায়ে বাড়তে না পারে, সেজন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সতর্ক করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। গতকাল সোমবার বেলা ১২টায় করোনা ভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সু-সমন্বয়ের লক্ষ্যে ভার্চুয়ালভাবে সংযুক্ত থেকে চুয়াডাঙ্গা জেলা কমিটির সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম আরো বলেন, এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতি অনেক ভালো। দিন দিন আক্রান্তের সংখ্যা কমে আসছে। সুস্থতার সংখ্যা এমনিতেই অনেক বেশি। এক্টিভ কেস খুবই কম। আমরা চাই আগামী শীতেও যেন পরিস্থিতি অনুকূলে থাকে। করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য সরকার কাজ করছে। যতদিন না ভ্যাকসিন আসে, ততদিন আমাদের সতর্ক থাকতে হবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, চুয়াডাঙ্গা-৬ বিজিবির মেজর নিস্তার আহম্মেদ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন প্রমুখ।
