ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থীসহ ১১জন কাউন্সিলরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে আপিলের সুযোগ থাকছে। জানা গেছে, মেহেরপুর পৌরসভার বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ (মতু)’র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হলফনামায় মিথ্যা তথ্য ও সমর্থনকারীর স্বাক্ষর না মেলায় গতকাল বুধবার দুপুরে যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করেন রিটানিং অফিসার। মেহেরপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান জানান, গতকাল বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। মোতাচ্ছিম বিল্লাহ মতুর দাখিলকৃত হলফনায় তার শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত লেখা রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রে দেখা গেছে তিনি এসএসসি পাশ। এছাড়াও সমর্থনকারীর স্বাক্ষর মেলেনি। এ দুটি কারণে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমান রিটন (নৌকা) ও বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা নিশান সাবেরের মনোনয়নপত্র বৈধ রয়েছে। মনোনয়ন বাতিলের বিষয়ে কোন মন্তব্য করেনি মোতাচ্ছিম বিল্লাহ। তিনি বলেন, মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপিল করবো না। নির্বাচনে অংশনের ইচ্ছে নেই। এদিকে, পৌরসভা নির্বাচনে ১১জন কাউন্সিলর পদের প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে । গতকাল বুধবার দুপুরে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় ১১জন কাউন্সিলর পদের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয় । এরা হলেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থীর ইয়াসিন আলী শামীম ও শফিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী মিয়ারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী রাজু আহম্মেদ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী শাহিনুর রহমান ও ইমতিয়াজ আহম্মেদ, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী হাবিুর রহমান সোনা এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী মোহাম্মদ বিন হাসেম, নাজমুল হাসান, আজিজুর রহমান ও শামিমূল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। ঘোষিত তফশীল অনুযায়ী যাচাই-বাছাই ও আগামি ৫ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
