ছবির ক্যাপশন:
২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় আরও ৪ জন আক্রান্ত, নতুন সুস্থ ১৪ জন
সমীকরণ প্রতিবেদন:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ১৬১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১২৭৫ জন। মোট শনাক্ত ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৪ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ১০৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৬১টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৬৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ৯ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৩১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। এদিকে, চুয়াডাঙ্গায় নতুন করে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল জেলায় নতুন ১৪ জন সুস্থ হয়েছেন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪১৮ জনে দাঁড়িয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ গতকাল রোববার ২৮টি নমুনার ফলাফল প্রকাশ করে। গতকাল জেলায় নতুন ১৪ জন সুস্থ হয়েছেন। নতুন ১৪ জনসহ জেলায় পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২৭৮ জন।
জানা যায়, গত শনিবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ২৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করে। গতকাল উক্ত নমুনার মধ্যে ২৮টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। ২৮টি নমুনার মধ্যে ৪টি নমুনার রিপোর্ট পজিটিভ ও বাকি ২৪টি নমুনার রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল রোববার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে আরও ২৯টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২৬টি ও আলমডাঙ্গা উপজেলা থেকে ৩টি নমুনাসহ সংগৃহীত ২৯টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৬টি।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৬৮৬টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৫৩৫টি, পজিটিভ ১ হাজার ৪১৮টি ও নেগেটিভ ৪ হাজার ১৩০টি। গতকাল সদর উপজেলা হোম আইসোলেশন থেকে ১২ জন ও জীবননগর উপজেলা হোম আইসোলেশন থেকে নতুন ২ জনসহ এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১২৭৮ জন ও মৃত্যু ৩২ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৯২ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১০ জন।
