ছবির ক্যাপশন:
করোনায় ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৫৯২
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৫৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪৭৯ জনে। মোট শনাক্ত ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২৩ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ২১ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৯৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২২৪টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৬ লাখ ২৯ হাজার ৩১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ। এদিকে, চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এক দিনে সুস্থ হয়েছেন ১১ জন। এছাড়াও মেহেরপুরে নতুন আরও ১২ জন আক্রান্ত হয়েছেন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৮ জন। গতকাল চুয়াডাঙ্গায় নতুন ১১ জনসহ এ পর্যন্ত মোট ৮৭৮ জন সুস্থ হয়েছেন। নতুন শনাক্ত ৬ জনের মধ্যে সদর উপজেলার ৫ জন ও আলমডাঙ্গা উপজেলার ১ জন রয়েছেন। ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। বয়স ২৪ থেকে ৮৪ বছরের মধ্যে।
জানা যায়, গত শনিবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৩৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠায়। গতকাল উক্ত নমুনার মধ্যে ২৭টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৬টি নমুনার রিপোর্ট পজিটিভ ও বাকি ২১টি নমুনার রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৩৮টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২১টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ২টি, দামুড়হুদা উপজেলা থেকে ২, জীবননগর উপজেলা থেকে ১৩টি সংগৃহীত ৩৮টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। গতকাল সুস্থ ১১ জনই চুয়াডাঙ্গা সদর উপজেলা হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের এক তথ্যে জানা যায়, গতকাল ল্যাবে মেহেরপুরের ৩৬টি, ঝিনাইদহের ৫১টি, কুষ্টিয়ার ৯৫টি নমুনাসহ মোট ১৮৩টি নমুনা পরীক্ষা করে মেহেরপুরের ১২টি, ঝিনাইদহে ২২ জন ও কুষ্টিয়া জেলার ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গায় নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তাঁদের সার্বিক খোঁজখবর নিয়ে হোম আইসোলেশন অথবা প্রতিষ্ঠানিক আইসোলেশন নিশ্চত করা হবে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৩০ জন চিকিৎসাধীন রয়েছে। গতকাল সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ১১ জন সুস্থ হয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ১৩২টি, প্রাপ্ত ফলাফল ৪ হাজার ৯৮৯টি, পজিটিভ ১ হাজার ২৯৮টি ও নেগেটিভ ৩ হাজার ৬৯১। গতকাল নতুন ১১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৮৭৮ জন ও মৃত্যু ৩১ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৩৫১ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৩০ জন।
