নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের মাছের দাঁইড় উত্তরপাড়া এলাকার একটি দোকানে চুরির খবর পাওয়া গেছে। গত রবিবার রাত আটটার দিকে ঐ দোকানের মালিক মো. ফিরোজ আলী প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যায়। সকালে তার পাশের অপর একটি দোকান মালিকের স্ত্রী তাকে জানায় তার দোকানের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। খবর পেয়ে ফিরোজ তার দোকানে গিয়ে দেখতে পান দোকানের মূল্যবান মালামালের অধিকাংশই চোরেরা চুরি করে নিয়ে গেছে। চোরেরা তার দোকানে থাকা নগত ৮ হাজার টাকা, ইলেকট্রিক মোটর, সাইকেলের টায়ার, টিউব ও সাইকেল পার্টসসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। দোকানী ফিরোজ জানান, চুরির ঘটনাটি একটি মহলের পূর্ব পরিকল্পিত। কারণ, এ ঘটনার কয়েকদিন আগে গত ৮মার্চ একই গ্রামের আলী আহম্মেদের ছেলে জিয়ারুল (৩৫)’র সাথে দোকান বাকীর টাকা চাওয়া নিয়ে গোলযোগ সৃষ্টি হয়। এক পর্যায়ে জিয়ারুল প্রকাশ্যে তাকে বলে, `তুই কী করে দোকান চালাস তা আমি দেখে নেবো`। তারই কিছু দিনের মাথায় এমন চুরির ঘটনায় হতবাক স্থানীয়রা।
