শততম টেস্টে টাইগারদের ঐতিহাসিক জয়:জয় সমর্থকদের উৎসর্গ করলেন মুশফিক : সিরিজ সেরা সাকিব : ম্যাচ সেরা তামিম

আপলোড তারিখঃ 2017-03-19 ইং
শততম টেস্টে টাইগারদের ঐতিহাসিক জয়:জয় সমর্থকদের উৎসর্গ করলেন মুশফিক : সিরিজ সেরা সাকিব : ম্যাচ সেরা তামিম ছবির ক্যাপশন:

সমীকরণ ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র করলো টাইগাররা। রোববার পি সারা ওভাল স্টেডিয়ামে ঐতিহাসিক শততম টেস্ট জিততে টাইগারদের প্রয়োজন ছিল ১৯১ রানের। জবাব দিতে নেমে লংকান অধিনায়ক রঙ্গনা হেরাথের বলে দলীয় ২২ রানে ১০ রান করা সৌম্য সরকার সাজঘরে ফেরেন। একবার জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি সৌম্য। সৌম্য সরকারের পর মাঠে নামা ইমরুল কায়েস প্রথম বলেই খোঁচা মেরে আউট হন। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর তামিম ও সাব্বির প্রতিরোধ গড়েন। তামিম ইকবাল নিজের টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নেন। সাব্বিরের সঙ্গে ১০৯ রানের জুটি গড়েন তামিম। তবে ৮২ রান করে দিলরুয়ান পেরেরার বল তুলে মারতে গিয়ে আউট হন তামিম ইকবাল। তামিমের পর দ্রুতই ফিরে যান সাব্বির রহমান। ৪১ রান করা সাব্বির পেরেরার বলে এলবিডব্লিউ হন। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হন লংকান অধিনায়ক হেরাথ। চা বিরতি থেকে ফিরে দুর্ভাগ্যজনকভাবে আউট হন সাকিব। পেরেরার করা বল সাকিবের ব্যাটে লেগে স্ট্যাম্পে হালকা ছোঁয়া দিয়ে লংকান উইকেটরক্ষকের পায়ে লাগে। বেশ কিছু সময় পর বেল পড়ে যায়। এতে জোরালো আবেদন করেন লংকান উইকেটরক্ষক। পরে থার্ড আম্পায়ারের কাছে যান ফিল্ড আম্পায়ার। থার্ড আম্পায়ার বার বার রিপ্লে দেখে নিশ্চিত হন-সাকিবের ব্যাটে বল লাগার পরই তা স্ট্যাম্পে আঘাত হেনেছে। এরপরই ১৫ রান করা সাকিব প্যাভিলিয়নের পথ ধরেন। জয়ের একেবারে দ্বারপ্রান্তে গিয়ে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ১৩ রানে হেরাথের বলে আউট হন। তবে অধিনায়ক মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। মুশফিক ২২ এবং মিরাজ ২ রানে অপরাজিত থাকেন। এর আগে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলংকা তাদের দ্বিতীয় ইনিংসে ৩১৯ রানে অলআউট হয়। সাকিব ৪টি এবং মোস্তাফিজ ৩টি উইকেট লাভ করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম উভয়েই ১টি করে উইকেট শিকার করেন। পি সারা ওভাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে করে ৩৩৮ রান। জবাবে সাকিব আল হাসানের দুর্দান্ত শতকে ৪৬৭ রান করে বাংলাদেশ। এতে ১২৯ রানের লিড পেয়েছিল টাইগাররা। টেস্টের শততম মাচে এসে শ্রীলংকার বিপক্ষে পাওয়া ঐতিহাসিক জয়কে সমর্থকদের জন্য উৎসর্গ করেছেন টাইগারদের অধিনায়ক মুশফিকুর রহিম। রোববার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে লংকানদের ৪ উইকেটের ব্যবধানে হারায় বাংলাদেশ। এটা শ্রীলংকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে টাইগারদের এটিই প্রথম জয়। ম্যাচ জয়ের পর মুশফিক বলেন, এই জয় আমি বাংলাদেশের ক্রিকেটার সমর্থকদের জন্য উৎসর্গ করলাম। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য সিরিজ হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকান সাকিব আল হাসান। তার সেঞ্চুরিতেই লিড পেয়েছিল বাংলাদেশ। তার আগে শ্রীলংকার প্রথম ইনিংসে শিকার করেন ২টি উইকেট। এদিকে শ্রীলংকার দ্বিতীয় ইনিংসেও বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। ৪টি উইকেট নিয়ে শ্রীলংকাকে কম রানে আটকে রাখেন সাকিব। আর ব্যাট হাতে করেন ১৫ রান। প্রথম টেস্টেও বল হাতে ৩ উইকেট পেয়েছিলেন সাকিব। আর রান করেছিলেন ৩১টি। দুই টেস্ট মিলিয়ে মোট ৯ উইকেট এবং ১৬২ রান করার সুবাদে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন সাকিব। ম্যাচে সাব্বির রহমানের সঙ্গে দারুণ জুটি গড়েন তামিম ইকবাল। তাদের ১০৯ রানের জুটিই বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। এরপর ৮২ রান করে আউট হন তামিম। ১২৫ বলে খেলা তামিমের ইনিংসটি ১টি ছক্কা ও ৭টি চারের মারে সাজানো ছিল। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে দুর্দান্ত ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তামিম ইকবাল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)