আলমডাঙ্গা পৌর পশুর হাট ও পানের হাটে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

আপলোড তারিখঃ 2020-07-22 ইং
আলমডাঙ্গা পৌর পশুর হাট ও পানের হাটে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর পশুর হাট ও পানের হাটে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। ফলে আজ বুধবার থেকে যথারীতি বসবে পৌর পশুর হাট। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে কুষ্টিয়ার রবিউল ইসলাম নামের একজনকে জমি লিজ দেওয়া নিয়ে সৃষ্ট জটিলতাকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। গত সোমবার বাংলাদেশ রেলওয়ে পাকশির বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান স্বাক্ষরিত একপত্রে এ লিজ স্থগিত করা হয়। এ পত্রের আলোকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন উক্ত স্থানের ১৪৪ ধারা প্রত্যাহার করে নেয়। জানা গেছে, আলমডাঙ্গা পৌর পশুহাট এ অঞ্চলের সর্ববৃহৎ পশুর হাট। প্রতিবছর এ পশুর হাট ইজারা দিয়ে আলমডাঙ্গা পৌরসভা কয়েক কোটি টাকা রাজস্ব আদায় করে। এই হাট থেকে আদায়কৃত রাজস্ব থেকেই আলমডাঙ্গা পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়ে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮৬ সালে আলমডাঙ্গা পৌর পশুর হাটটি প্রতিষ্ঠিত হয়। মোট ৩ একর ১৯ শতক জমি রেলওয়ে ও পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে লিজ নিয়ে সেখানে এ পশুর হাট বসে আসছিল। প্রতি বুধবার এখানে এ পশুর হাট বসে। বর্তমানে আলমডাঙ্গা পৌরসভা কর্তৃক বাংলাদেশ রেলওয়ের নিকট থেকে লিজ নবায়ন করা হয়নি অভিযোগ তুলে তা অন্যত্র লিজ প্রদান করে রেলওয়ে বিভাগ। গত ৮ জুলাই বাংলাদেশ রেলওয়ের পাকশি ডিইও দপ্তর মিরপুর উপজেলার পোড়াদহ খর্দ আইলচারার আকবর আলীর ছেলে রবিউল ইসলামকে নতুন করে লিজ প্রদান করে। পূর্বের লিজ গ্রহীতা আলমডাঙ্গা পৌরসভার অনুকূলে লিজ না দেওয়ায় বর্তমান পশুর হাট নিয়ে বেশ জটিলতা সৃষ্টি হয়। লিজ গ্রহীতা খেলাপী না হওয়া সত্বেও অন্যত্র নতুন করে লিজ প্রদান করায় রেলওয়ের বিভাগীয় সংশ্লিষ্ট ভূ-সম্পত্তি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে আলমডাঙ্গা পৌরসভা গত ১৩ জুলাই আলমডাঙ্গা সহকারী জজ আদালতে মামলা করে। ওই মামলার পরিপ্রেক্ষিতে একই দিনে উপরোক্ত ১ ও ২ নম্বর বিবাদীকে ৭ দিনের ভেতর কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন সিনিয়র সহকারী জজ আদালত, চুয়াডাঙ্গা। এমন পরিস্থিতিতে গত ১৫ জুলাই রাতে ওই পশুর হাটে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকারের নির্দেশক্রমে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর এ নির্দেশনা জারি করেন। মূলত, ১৪৪ ধারা জারির পর থেকে আলমডাঙ্গা পৌর পশুর হাট বন্ধ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। গত ২০ জুলাই রেলওয়ে পাকশির বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান গত ১৩ জুলাই পোড়াদহ খর্দ আইলচারার রবিউল ইসলামের অনুকুলে প্রদান করা লিজ স্থগিত করেন। লিজ প্রদান স্থগিত করার বিষয়টি চুয়াডাঙ্গা জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করে রেলওয়ে বিভাগ। লিজ স্থগিতের বিষয়টি অবহিত হওয়ার পর গতকাল মঙ্গলবার (২১) জুলাই জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার গত ১৫ জুলাই জারিকৃত ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা প্রত্যাহার করে নেন। বিষয়টি গতকালই শহরে মাইকিং করে প্রচার করা হয়েছে। এদিকে, আজ বুধবার থেকে আবার আলমডাঙ্গা পৌর পশুর হাট বসার সংবাদে স্বস্তি ফিরেছে এ অঞ্চলের খামারিদের মধ্যে। গত ১৬ জুলাই অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির পর থেকে এলাকার খামারিরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)