ছবির ক্যাপশন:
২৪ ঘণ্টায় মেহেরপুরে ৫, ঝিনাইদহে ২৫ ও কুষ্টিয়ায় ৩৩ জন আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ জন, আলমডাঙ্গা উপজেলার ৫, দামুড়হুদা উপজেলার ১ জনসহ জেলায় নতুন ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় জেলা সিভিল সার্জন অফিসে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে নতুন ৩৭টি নমুনার ফলাফল আসে। উক্ত ফলাফলে ১৪ জনের রিপোর্ট পজিটিভ ও বাকি ২৩ জনের রিপোর্ট নেগেটিভ আসে। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে। গতকাল নতুন ৭ জন সুস্থ হয়েছেন।
নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কলেজপাড়ার ১ জন, বড় মসজিদপাড়ার ১ জন, ঈদগাহপাড়ার ১ জন, বাগানপাড়ার ১ জন, সাতগাড়ি পাড়ার ১ জন, বিদ্যুৎ অফিসের স্টাফ ১ জন, শেখপাড়ার ১ জন, দৌলাতদিয়াড় পাড়ার ১ একজনসহ ৮ জন। আলমডাঙ্গা উপজেলার কলোনী পাড়ার ২ জন, এরশাদপুর গ্রামের ১ জন, বগাদি গ্রামের ১ জন ও আসমানখালী গ্রামের ১ জনসহ ৫ জন এবং দামুড়হুদা উপজেলার দর্শনা ইসলাম বাজার পাড়ার ১ জন।
গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ৩০টি নমুনা সংগ্রহ করেছে। সদর উপজেলা থেকে ১৯টি ও দামুড়হুদা উপজেলা থেকে ১১টি নমুনাসহ সংগৃহীত ৩০টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল জেলায় ৭ জন সুস্থ হয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসন থেকে সদর উপজেলার ১ জন, দামুড়হুাদা উপজেলার ২ জনসহ ৩ জন। এছাড়া হোম আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন আরও ৪ জন। সদর উপজেলার ২ জন, দামুড়হুদা উপজেলার ১ জন এবং আলমডাঙ্গা উপজেলার ১ জনসহ মোট ৭ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২১২ জন। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ১১৫ জন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের তথ্যে জানা যায়, গতকাল ল্যাবে চুয়াডাঙ্গার ফলোআপ নমুনাসহ ৪৪টি, মেহেরপুরের ৩৩টি, ঝিনাইদহের ৮৪টি, কুষ্টিয়ার ১৩৮টি, নড়াইলের ৬৫টি নমুনাসহ ৩৬৪টি নমুনা পরীক্ষা করে চুয়াডাঙ্গায় ১৪ জন, মেহেরপুরে ৫ জন, ঝিনাইদহের ২৫ জন, কুষ্টিয়ায় ৩৩ ও নড়াইলে ২৪ জনসহ মোট ১০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, চুয়াডাঙ্গায় নতুন ১৪ জন করোনা আক্রান্তের মধ্যে সদর উপজেলার ৮ জন, আলমডাঙ্গা উপজেলার ৫ জন ও দামুড়হুদা উপজেলার ১ জন রয়েছেন। প্রত্যেকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আগামীকাল (আজ মঙ্গলবার) আক্রান্তদের বাড়ি ঘর পরিদর্শন করে লকডাউনসহ বাড়ির অবস্থা বুঝে হোম আইসোলেশন অথবা প্রাতিষ্ঠানিক আইসোলেশনের ব্যবস্থা নেবেন। এছাড়া আলমডাঙ্গা উপজেলার ৫ জন ও দামুড়হুদা আক্রান্ত ১ জনের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সদর উপজেলায় ১৩৫ জন, আলমডাঙ্গা উপজেলায় ৮৬ জন, দামুড়হুদা উপজেলায় ৮৯ জন ও জীবননগর উপজেলায় ৪০ জনসহ মোট ৩০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সদর উপজেলায় ৭২ জন, আলমডাঙ্গা উপজেলায় ৫৬ জন, দামুড়হুদা উপজেলায় ৬৫ জন ও জীবননগর উপজেলায় ১৯ জনসহ মোট ২১২ জন। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা ২৪৭৩টি। করোনা শনাক্ত হয়েছে ৩৫০ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ২১২৩ জনের। সুস্থ ২১২ জন ও মৃত্যু ৪ জন।
