ছবির ক্যাপশন:
দর্শনার বুইচিতলা-সদাবরি সড়কে দিনে-দুপুরে ছিনতাইয়ের ঘটনা
দর্শনা অফিস:
দর্শনার বুইচিতলা-সদাবরি সড়কে দিনে-দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা চুল ব্যবসায়ীর গতিরোধ করে ছিনিয়ে নিয়েছে সোয়া ২ লাখ টাকা। এ ঘটনায় চুল ব্যবসায়ী আনোয়ার হোসেন বাদী হয়ে দর্শনা থানায় তিন ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলার আলমগীর হোসেন নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামির নিকট থেকে ছিনতাইয়ের অর্ধলক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে চুল ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৮) গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়িক কাজে কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা-সদাবরি সড়ক হয়ে দর্শনায় আসছিলেন। পথের মধ্যে সদাবরি মাঠ নামক স্থানে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তাঁর পথে গতিরোধ করেন এবং তাঁর ব্যবসার নগদ ২ লাখ ১৩ হাজার ৬০ টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় গতকাল বুধবার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের নুহু নবীর ছেলে আলমগীর হোসেন (৩৫), মৃত হযরত আলীর ছেলে ইসমাইল হোসেন (৫০) ও একই ইউনিয়নের বুইচিতলা গ্রামের হামিদ গায়েনের ছেলে হান্নান গায়েনকে (৫০) আসামি করে দর্শনা থানায় একটি ছিনতাই মামলা করেন চুল ব্যবসায়ী আনোয়ার। এ মামলার গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমানের নের্তৃত্বে থানার (ওসি, তদন্ত) শেখ মাহবুবুর রহমান, এসআই সাইফুল ইসলাম ও এসআই মাহমুদুর রহমান ফোর্স নিয়ে কুড়ুলগাছি গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় কুড়ুলগাছি ইউনিয়নের নুহু নবীর ছেলে আলমগীর হোসেনকে (৩৫) আটক করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি আলমগীর হোসেনের নিকট থেকে ছিনতাইকৃত নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এদিকে, মামলার অপর আসামিরা পুলিশের অভিযান টের পেয়ে দ্রুত সটকে গিয়েছে বলে জানায় পুলিশ।
