সংকটকালীন সময়েও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো

আপলোড তারিখঃ 2020-07-15 ইং
সংকটকালীন সময়েও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় অনলাইন প্লাটফর্মে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: করোনাকালীন পরিস্থিতির কারণে চুয়াডাঙ্গায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে জুলাই মাসের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জুম অ্যাপে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে কমিটির কয়েকজন সদস্য এবং জুম অ্যাপে কয়েকজন সদস্য যুক্ত থেকে এ সভার কার্যক্রম শুরু হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এখন কঠিন একটা সময় যাচ্ছে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের জন্য। চুয়াডাঙ্গা ছোট জেলা, সে হিসেবে আক্রান্তের সংখ্যা অনেক। প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল দপ্তর দিন-রাত মাঠ পর্যায়ে কাজ করছে। দীর্ঘদিন লকডাউন থাকার পর, এখন লকডাউন উঠিয়ে দেওয়া হয়েছে। তবে সচেতন থাকতে হবে। প্রতিনিয়তই স্বাস্থ্যবিধি না মানার জন্য জরিমানা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতে। জেলা প্রশাসক আরও বলেন, করোনাকালীন পরিস্থিতি মোকাবেলায় সরকার একটি নিয়ম বা গাইডলাইন করে দিয়েছে। একজন সুনাগরিকের দায়িত্ব সেটি মেনে নেওয়া। কিন্তু এতো বুঝিয়ে, সচেতন করে, পত্র-পত্রিকা-টেলিভিশনে আসার পরও মানুষ মানতেই চাচ্ছে না। অথচ প্রতিদিনই মানুষের আক্রান্তের সংখ্যা আর মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম নিজ কার্যালয় থেকে জুম অ্যাপে অংশগ্রহণ করে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সুন্দর সুবিধা নিয়ে আমরা আজকের এই আইনশৃঙ্খলা কমিটির সভায়। পুলিশের নিরন্তর চেষ্টায় করোনাকালীন সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। পুলিশ মানুষের সেবা দিতে রাত-দিন পরিশ্রম করে চলছে।’ সভায় জুম অ্যাপে যুক্ত থেকে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান, সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, এনএসআইয়ের উপ-পরিচালক জামিল সিদ্দিকসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। অপর দিকে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)