ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের মহতি উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ মদন বাবুর মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তার দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতে চলেছে। চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদের মহতি উদ্যোগে যানজটের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে এই রাস্তা দিয়ে চলাচলকারী হাজারো মানুষ। এ বিষয়ে এমপির বাসভবনে ও জেহালা বাজারেও রাস্তার পাশের জমির মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ মদন বাবুর মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তাটি অত্যন্ত সরু হওয়ায় দীর্ঘদিন ধরে যানজটের কবলে পড়ে আসছে বাস-ট্রাকসহ অসংখ্য যানবাহন। এই রাস্তা দিয়ে চলাচল করা হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে অতিষ্ঠ। এ দুর্ভোগের কথা বিবেচনা করে এটা লাঘবে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও আলমডাঙ্গা উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করে।
এদিকে, আলমডাঙ্গায় যোগদানের পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী কয়েক মাস ধরে চেষ্টা করছিলেন রাস্তার এই যানজট কীভাবে নিরসন করা যায়। তিনি একাধিকবার মুন্সিগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। আলোচনা করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সঙ্গে। অবশেষে এমপির ঐকান্তিক প্রচেষ্টায় এই সমস্যার সমাধান হতে চলেছে। এ বিষয়ে গত শনিবার সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির বাসায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মকবুলার রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান পুলক ও বিশিষ্ট ব্যবসায়ী শ্যামসুন্দর আগরওয়ালা ও কেবল মিয়া।
বৈঠকে রাস্তার পাশের জমির মালিক মকবুলার রহমান ও শ্যামসুন্দর আগরওয়ালা উভয়েই জনগণের সুবিধার্থে রাস্তা প্রশস্ত করার বিষয়ে জমি দেওয়ার কথা ঘোষণা করেন। পরে বেলা সাড়ে ১০টার দিকে এমপি ছেলুন জোয়ার্দ্দার জেহালা মোড়ে নিজের স্বশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে স্থানীয় ব্যবসসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
