ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণকালে এসপি জাহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্লোগানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় বনায়ন প্রকল্প, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো-এর পৃষ্ঠপোষকতায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনস মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। পুলিশ লাইনস মাঠে আনুষ্ঠানিকভবে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘গাছ প্রাকৃতিক সম্পদ। যা পরিবেশের ভারসাম্য রক্ষাসহ আমাদের জীবনকে সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতেও দেশের প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা খালি পড়ে থাকা জায়গায় বৃক্ষরোপণের নির্দেশনা দিয়েছেন। এ বৃক্ষ শুধুমাত্র আমাদের পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বৃক্ষ আমাদের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ করে ফলজ বৃক্ষ পুষ্টি চাহিদা মেটাতেও সাহায্য করে।’ তিনি আরও বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল স্থাপনার উপযুক্ত জায়গাতে পাঁচ হাজারের অধিক বৃক্ষরোপণ করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর রিজিওনাল চিফ ম্যানেজার মাজেদুল হক খান, এরিয়া লিফ ম্যানেজার কামাল হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
