Auto Draft

আপলোড তারিখঃ 2017-03-04 ইং
Auto Draft ছবির ক্যাপশন:

বর্নিল সাজে সেজেছে সরিষাডাঙ্গার বিশু শাহ্ মাজারসহ বাউল মেলা প্রাঙ্গণ : আজ উদ্বোধন ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি, নইলে পরে ক্ষ্যাপারে তুই মূল হারাবি’ হুসাইন মালিক: সমগ্র বাংলাদেশকেই বলা যায় বৃহৎ এক মেলার দেশ। দেশের এমন কোনো জনপদ খুঁজে পাওয়া যাবে না, যেখানে বছরের কোনো না কোনো সময়ে মেলা বসে না। বাঙ্গালীর অসাম্প্রদায়িক চেতনাকে খুঁজে পাওয়ার সব থেকে সহজ মাধ্যম হল গ্রামবাংলার বিভিন্ন লোকজ মেলা। বাউল মেলা সামাজিক-সাংস্কৃতিক রূপের অনুসন্ধান আর এটাই বাউল ধর্মদর্শনের প্রধান উৎসব। বাউলদের বিচিত্র জীবন দর্শন আর বাউলভক্তদের মিলনমেলা দেখার আগ্রহ নিয়ে মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের এ বাউল মেলায় ছুটে আসেন অনেকেই। চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের আধ্যত্মিক সাধক বিশু শাহ্ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও বার্ষিক ওরশ মোবারক ও বাউল মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ বিশু শাহ্ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪দিন ব্যাপি এ বাউল মেলায় বিশু শাহ মাজার কমিটির সভাপতি আব্দুস সালাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধূরী জিপু, সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন, জেলা পরিষদের সাধারণ সদস্য মাফলুকাতুর রহমান সাজু। উদ্বোধন অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দৈনিক সময়ের সমীকরণ এর বার্তা সম্পাদক হুসাইন মালিক ও সংগীত শিল্পী হিরন উর রশীদ শান্ত। বিশু শাহ্ মাজার কমিটির সভাপতি আব্দুস সালাম জোর্য়াদ্দার ও এ বাউল মেলার সার্বিক দায়িত্বে থাকা মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোর্য়াদ্দারের সাথে কথা বলে জানা গেছে, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি, নইলে পরে ক্ষ্যাপারে তুই মূল হারাবি’ এই বিখ্যাত উক্তিকে সামনে রেখে ৪দিন ব্যাপী চলবে এই ওরশ মোবারক ও বাউল মেলা। ইতিমধ্যে বাউল মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশু শাহ্ মাজারের খাদেম জয়নাল জোর্য়াদ্দারের কাছে জানতে চাইলে তিনি জানান, এবার বাবা বিশু শাহ্ এর ৮৪তম ওফাদ দিবস। আর প্রত্যেক বছর এই দিনে আধ্যত্মিক সাধককে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। গতকাল শুক্রবার সন্ধ্যায় মোমিনপুর ইউনিয়নে প্রবেশ করেই মনে হলো মেলা উপলক্ষে পুরো ইউনিয়ন জুড়ে যেন ভিন্ন আমেজ বিদ্যমান। মোমিনপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যানের বাড়ি পেরুতেই সরিষাডাঙ্গা বাউল মেলার প্রধান গেট। প্রথমে একটু অবাক-ই হলাম, এতো সুন্দর আলোকসজ্জা। আরেকটু এগুতোই চোখে পড়লো বাহারি রঙের আলোকসজ্জাগুলো। বাউল মেলার মঞ্চসহ আশপাশ এলাকায় হরেকরকম আলোকসজ্জা সত্যিই দেখার মতো, যে কাউকেই আকৃষ্ট করবে। সত্যিই প্রশংসার দাবিদার এ বাউল মেলার আয়োজক কমিটিতে থাকা মানুষগুলো। মেলার মূল আকর্ষণ বাউল গানের আসর আজ শুরু হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে বাউল ভক্তরা এসেছেন/আসছেন। কেউবা এসেছেন পরিবার পরিজন নিয়ে। বিশু শাহ্ এর মাজারকে ঘিরে গড়ে ওঠা বেশ কয়েকটি ঘরেই তাদের আবাসস্থল। ওরশ মোবারক চলাকালীন এখানেই তারা অবস্থান করবেন। প্রতিবেলা সবার জন্যই রান্নার আয়োজন হয়। এ জন্য খাবার নিয়ে তাদের কোনো চিন্তা নেই। বাউল ভক্ত নারী-পুরুষ ও অতিথিসহ সবাই একসঙ্গে বসে সেবা (খাবার) গ্রহণ করেন। বিশু শাহ্ এর মাজার প্রাঙ্গণ ঘুরে দেখা গেল ভক্তদের কেউ কেউ রান্নার আয়োজনে ব্যস্ত। বাউল সাধকরা নিজেদের সেবায়ক পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও তাদের সাথে কথা বলে জানা গেলো। আাবারো মেলার উদ্দেশ্য নিয়ে মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের কাছে জানতে চাইলে তিনি হাসিমুখেই জানালেন বাউল ভক্তসহ সব মানুষের চেতনায় মানবতাবোধ জাগ্রত করাই বাউল মেলার মূল লক্ষ্য। সঙ্গে যোগ করলেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য এই মেলা উন্মুক্ত। এছাড়াও এই বাউল মেলার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল এখানে আগত ভক্তবৃন্দ কোনো প্রকারের নেশাজাতীয় কিছু গ্রহণ করেন না। এদিকে, অনুষ্ঠানকে ঘিরে জমে উঠেছে বিশাল মেলা। মেলায় বসেছে কুটির শিল্প, মৃৎশিল্প, কাঠ-বাঁশ ও মাটির তৈরি কুটির শিল্পসামগ্রী, মিষ্টির দোকানসহ নানা রকমারি পণ্যেরও দোকান। মেলায় আগত এক বাউল বলেন, এখানে সব ধর্মের মানুষের মধ্যে ভালবাসা সৃষ্টি ও ধরণীর মঙ্গলার্থে প্রার্থনা করা হয়। আমরা গানের মাধ্যমে সেই বার্তায় সকলের মধ্যে পৌঁছে দিচ্ছি। ’ সরিষাডাঙ্গা বাউল মেলার কদমা, মুরুলি, নিমকী, তীলের খাজা ও খেজুরের গুড়ের সন্দেশের ঘ্রাণ এখনো নাকে লাগে। বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত ও কলকাতা থেকে ভক্তরা এখানে আসেন। এ মেলার ইউতহাস সম্পর্কে যতোদূর জানা গেছে, বিশু শাহ্ ছিলেন আলমডাঙ্গা উপজেলার জাঁহাপুর গ্রামের মরহুম আরজান বিশ্বাসের ছেলে। জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের দত্তাইল গ্রামের মরহুম একিম শাহ্ এর শিষ্য ছিলেন তিনি। এরপর প্রায় ৪০ বছর তিনি সরিষাডাঙ্গায় অবস্থান করেছিলেন এবং নিজের আস্তানাও গড়ে তোলেন। বাংলা সাল অনুযায়ী তিনি ২০ ফাল্গুন ১৩৪৬ সালে ১০৫ বছর বয়সে গুরু একিম শাহ্ এর আস্তানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশু শাহ্। তার ভক্তদের কাছ থেকে জানা গেছে, তিনি মৃত্যুর আগে থেকেই বলে গিয়েছিলেন তার মৃত্যুর পর যেন সরিষাডাঙ্গায় তার দাফন সম্পন্ন করা হয়। তার কথা মতোই তার ভক্তরা তার অন্তিম ইচ্ছা পূরণ করেন। তারই ধারাবাহিকতায় আজকের এই বিশু শাহ্ এর মাজার। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, ওরশ মোবারকের পাশাপাশি বাউল মেলা ব্যাপক পরিসরে ও বাইরে থেকে বড় বড় শিল্পী এনে বাউল গানের আসর করার পরিকল্পনা আসে সরিষাডাঙ্গা গ্রামের খন্দকার আশরাফ, হাসেম আলি সর্দার, বাবলু আহমেদ, খালেক শাহ, রমজান, মাজিদসহ সেই সময়ের উঠতি বয়সী কিছু যুবকের। তারা সেই সময়ের ছাত্রনেতা, বর্তমান মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গোলাম ফারুক জোর্য়াদ্দারের সাথে পরামর্শ করেন। পরবর্তীতে চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার- সালাম জোর্য়াদ্দার- শহিদ পাগলসহ ওই যুবকদের সাথে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের মতামতের ভিত্তিতে বড় পরিসরে প্রথম ওরশের পাশাপাশি বাউল মেলার আয়োজন করেন। সেই থেকে আজ অবধি বাউল মেলার সার্বিক পরিচালনা করে আসছেন ফারুক চেয়ারম্যান। এবার মেলাই আসছেন লালন ব্যান্ড সাথে সুমি, বাউল শফি মন্ডল, খোরশেদ আলম, পাখি সরকার, অঞ্জলী ঘোষ, আলামিন দেওয়ান, রেখা সরকার ও স্বপন বৈরাগী এবং ভারতের বাণিজ্য মেলা মাতানো শিল্পীগোষ্ঠী, কুষ্টিয়া লালন শাহ্ একাডেমীর শিল্পীবৃন্দ, বাঁশির যাদুকর খ্যাত বংশী বাদক খোকন শাহ, দেশ-বিদেশ মাতানো শিল্পী অর্জুন, চ্যানেল নাইনের পাওয়ার ভয়েজ তারকা জসিম প্রমুখ। এছাড়া বিশুশাহ্ বাউল একাডেমীর শিল্পীসহ দেশবরেণ্য বাউল শিল্পীরা বিশুশাহ্ মুক্তমঞ্চে লালনের রেখে যাওয়া বিখ্যাত কিছু গান পরিবেশন করবেন। রয়েল কম্পিউটারের স্বত্বাধিকারী রানা আহমেদ মেলাটি সার্বিক তত্ত্বাবধায়ন করবেন। দেশ-বিদেশের বাউলদের গানে ও পূর্ণার্থীদের ভিড়ে মুখরিত ঐতিহ্যবাহী মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামে অনুষ্ঠিতব্য বাউল সম্প্রদায়ের এ মেলায় প্রতিবারের মতো এবারও যোগ দিবেন ভারত ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ও বাউলরা বলে মেলা পরিচালক মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)