চুয়াডাঙ্গা দামুড়হুদার উজিরপুরে আর্সেনিকমুক্ত সুপেয় পানির পাম্প নিয়মিত সচল রাখার দাবী পিডিবি’র সংযোগ পল্লী বিদ্যুতে স্থানান্তরের প্রতিবাদ গ্রামবাসীর

আপলোড তারিখঃ 2017-02-28 ইং
চুয়াডাঙ্গা দামুড়হুদার উজিরপুরে আর্সেনিকমুক্ত সুপেয় পানির পাম্প নিয়মিত সচল রাখার দাবী  পিডিবি’র সংযোগ পল্লী বিদ্যুতে স্থানান্তরের প্রতিবাদ গ্রামবাসীর ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: পিডিবি থেকে বিদ্যুত সংযোগ পল্লী বিদ্যুতের আওতায় স্থানান্তরের প্রতিবাদে একাট্টা হয়েছে চুয়াডাঙ্গা দামুড়হুদার উজিরপুর গ্রামের বাসিন্দারা। গ্রামের বিদ্যুত সংযোগ পিডিবি’র আওতায় রাখার দাবী জানিয়েছে তারা। পল্লী বিদ্যুতের আওতায় গেলে বিদ্যুত বিভ্রাটের ফলে আর্সেনিক কবলিত উজিরপুর গ্রামের সুপেয় পানির পাম্পটি বন্ধ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ফলে, গ্রামের প্রায় ৯৮ ভাগ টিউবওয়েলে আর্সেনিক থাকায় পানি সরবরাহে ব্যাপক সমস্যা দেখা দিবে। দৈনিক প্রায় সাড়ে ৩ লাখ লিটার সুপেয় পানি যোগান দেয়া পাম্পটি চালানোর জন্য পল্লী বিদ্যুত কর্তৃক পর্যাপ্ত বিদ্যুত সরবরাহ করা নিয়েও দোটানায় রয়েছেন স্থানীয়রা। ফলে জীবন বাঁচানোর স্বার্থে সুপেয় পানি পানের লক্ষে ওই পাম্পটি নিয়মিত সচল রাখার জন্য বিদ্যুত সংযোগ পিডিবি’র আওতায় রাখার দাবী জানায় তারা। দাবী বাস্তবায়নের লক্ষে উজিরপুর গ্রামবাসী ২১ সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি গঠন করেছে। এ বিষয়ে সপ্তাহদুয়েক আগে চুয়াডাঙ্গা আদালতে একটি মামলাও করা হয়েছে বলে জানিয়েছেন নাগরিক কমিটির সদস্য এবং গ্রামবাসীরা। তাদের দাবী বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাবে বলেও জানান তারা। জানা গেছে, ২০০০ সালে বন্যার পর চুয়াডাঙ্গার বিভিন্ন গ্রামের পানি পরিক্ষা করা হয়। এরমধ্যে জেলার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের প্রায় ৯৮ ভাগ পানিতে আর্সেনিক ধরা পড়ে। ২০০৪ সালে ইউনিসেফ’র উদ্যোগে ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে গ্রামে একটি আর্সেনিক নিরসন প্রকল্প পানি শোধনাগার নির্মাণ করা হয়। উজিরপুর ম-লপাড়ার মৃত ইছাহক ম-লের স্ত্রী কামিরুন নেছা দেয়া জমিতে নির্মিত ওই শোধনাগারের সহযোগিতা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তারপর থেকেই গ্রামের প্রায় ১২ হাজার মানুষ ওই পানি ব্যবহার করে আসছে। ওই পাম্প থেকে প্রতিদিন সকাল-বিকাল প্রায় সাড়ে ৩ লাখ লিটার পানি সরবরাহ করা হয়। মাসিক ২০টাকা বিলে গ্রামের ৫৯০ গ্রাহক এবং নিজস্বভাবে ১০০টাকা মাসিক বিলের অন্তর্ভূক্ত ৯০ গ্রাহক রয়েছে। বর্তমানে ৩৪টি সচল টিপকল থেকে সংগ্রহ করছে গ্রামবাসীরা। সম্প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের এক চিঠিতে পল্লী বিদ্যুতের ভৌগোলিক এলাকায় থাকা সকল পিডিবি’র সংযোগ পল্লী বিদ্যুতে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে। বিদ্যুত সংযোগ স্থানান্তরের জন্য সময় বেঁধে দেয়া হয় ১ মাস। একইসাথে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) তাদের ভৌগোলিক এলাকার মধ্যে থাকা প্রায় ১৫ হাজার বিদ্যুৎ-সংযোগ হস্তান্তর করতে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে (ওজোপাডিকো) চিঠি দিয়েছে। ফলে সংযোগ স্থানান্তরের কার্যক্রম হাতে নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, বিদ্যুত সংযোগ স্থানান্তরের প্রতিবাদ জানিয়েছে উজিরপুর গ্রামবাসী। তারা পিডিবি’র আওতাভুক্ত থাকার দাবী জানায়। এই দাবী বাস্তবায়নের জন্য উজিরপুর গ্রামবাসী ২১ সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি গঠন করে। এ বিষয়ে আদালতে একটি মামলাও করা হয়েছে বলে জানান কমিটির সদস্যরা। নাগরিক কমিটির সভাপতি হযরত আলী, সহ-সভাপতি আমিনাল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম লিটন, ক্যাশিয়ার বজলুর রহমানসহ স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের সংযোগ মাঝেমধ্যেই বন্ধ থাকে। কিছু কিছু সময় সারাদিনই বিদ্যুত ছাড়া থাকতে হয়। এভাবে বিদ্যুত বিভ্রাট হলে উজিরপুর গ্রামের সুপেয় পানির পাম্পটিও বন্ধ থাকবে। গ্রামজুড়ে আর্সেনিক যুক্ত পানি হওয়ায় পান করার জন্য পানি সংগ্রহের দ্বিতীয় কোন পন্থা নেই। ফলে অন্তত পক্ষে আর্সেনিক নিরসন প্রকল্প পানি শোধনাগারটি সচল রাখার জন্য উজিরপুরে পিডিবি সংযোগের আওতায় দিতে হবে। এই দাবী না মানলে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলেও জানান কমিটির সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)