ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেছেন ‘বিনামূল্যে চক্ষু রোগীরা চিকিৎসা করাতে পারে সে ব্যবস্থা করা হবে। শিঘ্রই চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট একটি সমৃদ্ধ সংগঠন। আগামি দিনে পরিকল্পনা করে রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন হবে।’ গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত এক সংবর্ধনা সভায় সংবর্ধিত প্রধান অতিথি সেখ সামসুল আবেদীন খোকন এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যকরি কমিটির সদস্য আজাদ মালিতার সভাপতিত্বে সংবর্ধনা সভায় সঞ্চালনায় ছিলেন ইউনিট অফিসার সাঈদ মো. শামীম রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা পরিষদের সচিব লুৎফর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন খান বক্তব্য রাখেন। সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারী ফজলুর রহমান । অন্যান্যের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান ও কার্যকরি সদস্য হুমায়ুন কবীর মালিক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন, বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আব্দুল মজিদ। প্রধান অতিথি শেখ সামসুল আবেদীন খোকন আরো বলেন, মানুষের সেবার জন্য রাজনীতি করছি। আমার নেতৃত্বে যেসব সংগঠন আছে সেগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করি। চক্ষু হাসপাতালের উন্নয়নে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরীকে সম্পৃক্ত করে আরো উন্নয়ন করা হবে। এছাড়া, জেলা পরিষদের সদস্যদের সাথে নিয়ে সহযোগিতা করা হবে। চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ফজলুুর রহমান বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাংবিধানিকভাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের চেয়ারম্যান হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন। জেলা পরিষদ বিগত দিনে সাড়ে ৮লাখ টাকার অনুদান দিয়েছে। যা দিয়ে অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। বর্তমানে বরাদ্দ রয়েছে আরো দুই লাখ টাকা। বিগত দিনে স্থানীয়, ঢাকা ও আমেরিকা প্রবাসী দানশীল ব্যক্তিদের সহযোগিতায় ৪২ লাখ টাকা সহযোগিতা পাওয়া গেছে। যা হাসপাতালের উন্নয়নে ব্যয় করা হয়েছে। চুয়াডাঙ্গা চক্ষু হাসপাতাল খুলনা বিভাগের মধ্যে অন্যতম সেরা চক্ষু হাসপাতাল হিসেবে পরিচিতি লাভ করেছে। সংবর্ধনায় জেলা পরিষদের চেয়ারম্যান, বিশেষ অতিথিবৃন্দ ও জেলা পরিষদের সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছার মধ্যে দিয়ে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা বরণ করে নেয়। এসময় প্রধান অতিথিকে রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়। এসময় চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং সংরক্ষিত সদস্য নুরুন্নাহার কাকলি, ২ নং ওয়ার্ডের হাছিনা খাতুন, ৩নং ওয়ার্ডের কাজল রেখা, ৪নং ওয়ার্ডের তানিয়া বেগম, সদস্য ১নং ওয়ার্ডের শহিদুল ইসলাম সাহান, ৪ নং ওয়ার্ডের মাহবুবুর রহমান মোল্লা, ৫নং ওয়ার্ডের আবু মুছা, ৮নং ওয়ার্ডের আসাবুল হক, ১০ নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম, কার্যকরি সদস্য ফেরদৌস ওয়ারা সুন্না, দাতা সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মনোয়ার হোসেন, ডা. কাজি রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও ফিরোজ আল মামুনসহ রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
