ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণ এবং উদ্ভুদ্ধকরণের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ কার্যক্রমের আওতায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছূফী উল্লাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম, শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহমান, মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুল লতিফ বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাবুত আলী। এছাড়াও স্থানীয় যুবলীগ নেতা মাসুদ বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা তথ্য অফিসের কর্মকর্তা ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সিঙ্গাপুরের উন্নয়নের উদ্ধৃতি দিয়ে প্রধান অতিথি বলেন চুয়াডাঙ্গা জেলাকেও সিঙ্গাপুরের মত তৈরী করতে হবে। চলাচল, নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থাসহ সকল পর্যায়ে তাদের মত উন্নয়নের ছোঁয়া লাগাতে হবে। চুয়াডাঙ্গার পান, ভুট্টা, খেজুর গুড়, ব্লাক বেঙ্গল ছাগল সারা দেশে ব্যাপক জনপ্রিয় ও সমাদৃত। এগুলোর উন্নয়নও জেলার উন্নয়নের অংশ। নারী নেতৃত্বের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের সকল পেশায় নারীর সম্পৃক্ততা রয়েছে। তাদের শিক্ষিত করে তুলতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। বিনামূল্যে বই ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাবৃত্তি দিচ্ছে। তাই তাদের শিক্ষিত হওয়া অতি জরুরী । শিক্ষিত না হলে সে সমাজে মাথাউচু করে দাঁড়াতে পারে না। একটি শিক্ষত মানুষ দেশ ও জাতীর সম্পদ। নারীকে বিয়ে নয় বিশ্ববিদ্যালয়ে পড়তে দিন। বাল্য বিবাহ বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাল্য বিবাহের কারণে একটি নিষ্পাপ জীবন ঝরে পড়তে পারে। সু শিক্ষা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সকলে গড়ে উঠতে হবে। একটি শিক্ষিত মানুষের মাঝে যে সৃজনশীলতা রয়েছে তা অন্য কোন মানুষের মাঝে নেই। জঙ্গীবাদ সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশে জঙ্গীবাদ এক ভয়ঙ্কর রুপ নিয়েছে। তা প্রতিহত করতে কাজ করছে প্রশাসন। এ ক্ষেত্রে সকলের সহযোগিতাও প্রয়োজন। আপনাদের সন্তান পড়াশোনার পাশাপাশি আর কী করছে তা লক্ষ্য রাখুন। বর্তমান সরকার তথ্য প্রযুক্তির মাধ্যমে তা দেখাশুনাও করছে।
আলোচনা সভাশেষে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় নিয়মিত শিল্পিরা বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে সংগীত পরিবেশন করেন।
