ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের অদূরে দৌলৎদিয়াড় বঙ্গজ বিস্কুট ফ্যাক্টারির সম্মুখে আলমসাধু-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় ৬জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। আহতদের মধ্যে আলুকদিয়া ঝোড়াঘাটা গ্রামের মৃত রুপচাঁন আলীর ছেলে বৃদ্ধা আফসার আলী(৮০), ভালাইপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে কলেজছাত্রী মৌসুমী খাতুন(২২) ও গোকুলখালী গ্রামের মৃত ডা. আফসার উদ্দীনের ছেলে মো. শামসুজ্জামান মন্টু(৬৫) গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি আছেন। অন্যান্যদের মধ্যে আলমডাঙ্গা বগাদী গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে ইয়াকুব আলী(২৮), আলমডাঙ্গার মুছা করীমের মেয়ে কণিকা(১৯) ও নওদা হাপানিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ইমন আলী (২১) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার হতে একটি অটোরিক্সা যাত্রীদের ভালাইপুর মোড়ের দিকে যাওয়ার সময় বঙ্গজ এর সামনে পৌছুলে বীপরিত দিক থেকে আসা একটি বেপরোয়া গতি সম্পন্ন আলমসাধু তাকে ধাক্কাদেয়। এ সময় অটোতে থাকা যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের সকলেই অটোরিক্সার যাত্রী ছিলেন।
