ছবির ক্যাপশন:

নেপা (মহেশপুর) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউপির, নেপা আন্তঃইউনিয়ন দারুচ্ছালাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আলাউদ্দীনের বিরুদ্ধে ক্লাস না করে বেতন, ভাতা সেই সাথে মাদ্রাসার ব্যক্তি তহবিল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ, নেপা মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দীন দীর্ঘ তিন বছর যাবত শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে, নিজ ক্ষমতা বলে হাজিরা খাতায় সহি সম্পাদন করে শিক্ষা নীতিকে উপেক্ষা করে এ যাবৎ কাল বেতন, ভাতা উত্তোলন করে আসছে। এছাড়া তার বিরুদ্ধে মাদ্রাসার ব্যক্তিগত তহবিলের হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা গেছে, তার দুর্নীতিতে অতিষ্ঠতা হয়ে মাদ্রাসার ম্যানেজিং কমেটির সভাপতিসহ সকল সদস্য অভিভাবক মহল, শিক্ষকবৃন্দ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে আমাদের প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারীর সাথে মোবাইলে আলাপ কালে তিনি জানান, সুপার আলাউদ্দীনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, লোক মারফতে জানতে পেরেছি সুপার লোকটি দুর্নীতি পরায়ণ, আমি তদন্তপূর্বক ব্যবস্থা নেব। সুপারের সাথে আলাপ কালে তিনি বলেন আমি মাদ্রাসার প্রধান, সকল ক্ষমতা আমার হাতে, আমি আমার ইচ্ছামত কাজ করব। আপনারা যা ইচ্ছা তাই লিখতে পারেন। এ ব্যাপারে এলাকাবাসীর দাবী এধরনের দুর্নীতি পরায়ণ শিক্ষককে অপসারণ করা অতীব জরুরী।
