বিশ্ব ইজতেমা শুরু জুমার নামাজে লাখো মুসল্লি

আপলোড তারিখঃ 2017-01-14 ইং
বিশ্ব ইজতেমা শুরু জুমার নামাজে লাখো মুসল্লি ছবির ক্যাপশন:

`rty`

সমীকরণ ডেস্ক: শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ। শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে জুমার নামাজে সমবেত হন লাখ লাখ মুসল্লি। বলা হয়, স্মরণকালের সবচেয়ে বড় জুমার জামাত এটি। দেশের ১৭টি জেলা থেকে সড়কপথ, রেলপথ ও নৌপথে মুসল্লিরা ইজতেমা ময়দানে হাজির হন। বৃহসপতিবার থেকে আসতে থাকা মুসল্লিদের ঢল শুক্রবারও অব্যাহত থাকে। আসছেন বিদেশি অতিথিরাও। তবে বিদেশি মেহমানদের সঙ্গে যাতে কোনো জঙ্গি দেশে ঢুকতে না পারে সেজন্য কয়েকটি দেশের নাগরিকদের ওপর কঠোর নজরদারি রাখা হয়েছে। ইজতেমা ময়দানে বেলা ১টা ৪৫ মিনিটে শুরু হয় জুমার জামাত। নামাজে ইমামতি করেন বাংলাদেশের হযরত মওলানা মোহাম্মদ ফারুক হোসাইন। ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই রাজধানীসহ আশপাশ এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গা জনসমুদ্রে পরিণত হয়। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। নামাজ শেষে একজনের জানাজা অনুষ্ঠিত হয়। আজ ইজতেমার দ্বিতীয় দিন। কাল রোববার দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি হবে। মাঝে ৪ দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি জোহরের আগে কোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ছয় দিনের আয়োজন। মুসল্লির ঢল : বাদ ফজর তাবলিগের শীর্ষস্থানীয় মুরব্বি ভারতের হযরত মওলানা ওবায়দুল্লাহ খোরশেদ বয়ান করেন। বাদ আসর বয়ান করেন ভারতের মওলানা ওয়াসিমুল ইসলাম। বাদ মাগরিব বয়ান করেন দিল্লির হযরত মওলানা শওকত আলী। আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার ১ম পর্ব। বয়ানটি বিভিন্ন ভাষায় ভাষান্তর করেন বিভিন্ন দেশের তাবলিগ মুরব্বিগণ। ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির-আসকার, ইবাদত-বন্দেগিতে টঙ্গীর তুরাগ তীর এখন এক পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়েছে। আয়োজকদের ধারণা, আনুমানিক ৫ লক্ষাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। ইজতেমায় ৬ মুসল্লির মৃত্যু : বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা মুসল্লিদের মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত ৬ মুসল্লি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সকাল নয়টার দিকে বাবুল মিয়া (৬০) নামে এক মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার মাছিমপুর গ্রামের আ. রশিদের ছেলে। বৃহস্পতিবার রাতে মারা গেছেন সাহেব আলী (৩৫) নামে আর এক মুসল্লি। তার বাড়ি মানিকগঞ্জে। এ নিয়ে বিশ্ব ইজতেমার প্রথমপর্বে যোগ দিতে আসা ৬ মুসল্লির মৃত্যু হয়েছে। ৮৭ রাষ্ট্রের সাত সহস্রাধিক মুসল্লি: গাজীপুরের পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদ জানান, প্রথম দিন আমেরিকা, সৌদি আরব, ভারত, পাকিস্তান, ইংল্যান্ডসহ বিশ্বের ৮৭টি দেশের সাত সহস্রাধিক মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন। আগামী দুই দিনে এ সংখ্যা আরও বাড়বে। বিভিন্ন ভাষাভাষি ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের জন্য প্রয়োজনীয় সংখ্যক তাবু নির্মাণ করা হয়েছে। ইজতেমার আয়োজক সূত্র জানিয়েছেন মুসল্লিদের এ সংখ্যা আরও বাড়তে পারে। বিভিন্ন ভাষাভাষি ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানের উত্তর পাশে বিদেশি মেহমানদের জন্য পৃথক বিদেশি নিবাস নির্মাণ করা হয়েছে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)