ছবির ক্যাপশন:
274,3456,0,1476,96,1024,334,326,448,57395,137[/caption]
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া ইসলামের স্বাক্ষর জাল করে ১৮টি জমি অবৈধভাবে রেজিষ্ট্রি করার অভিযোগের মামলায় আব্দুল মজিদ (৪৯) নামের এক সার্ভেয়ারকে (ভূমি জরিপকারীকে) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার আঞ্চলিক উপ-পরিচালক আব্দুল গাফ্ফারের নেতৃত্বে দুদকের একটি টিম সদর উপজেলার আমঝুপিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আব্দুল মজিদ মেহেরপুর শহরের ঘোষপাড়ার মৃত ইছাহাক আলীর ছেলে ও মেহেরপুর জেলা প্রশাসনের সার্ভেয়ার পদে কর্মরত ছিলেন। একই মামলায় তিনি সাময়িক বহিস্কার ছিলেন। মামলার এজাহার থেকে জানা গেছে, আব্দুল মজিদ মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার পদে কর্মরত থাকাকালে সদর উপজেলার বিভিন্ন এলাকার ১৮টি খাস জমির দলিলে তত্বকালীন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া ইসলামের স্বাক্ষর জাল করে অবৈধভাবে রেজিষ্ট্রি করান। এ অভিযোগে উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী-কাম-হিসাব রক্ষক কর্মকর্তা আমীনুর রহমান কর্মকর্তার নির্দেশে মেহেরপুর সদর থানায় ২০১১ সালের ২৫ জুলাই আব্দুল মজিদের বিরুদ্ধে একটি মামলায় দায়ের করেন। মামলার পরপরই তাকে সাময়িক বহিস্কার করা হয়। আরো জানা গেছে, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে সার্ভেয়ার আব্দুল মজিদের বিরুদ্ধে। এদিকে তাকে গ্রেফতার করার পর আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠায়।
