বন্যার্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় নির্দেশনায় সারা দেশে সংক্ষিপ্ত পরিসরে জাতীয়তাবাদী বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
চুয়াডাঙ্গা:
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য এবারে কেন্দ্রীয় বিএনপি সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দেয়। সেই নির্দেশনার আলোকে গতকাল রোববার সকাল ৭টায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিকেল পাঁচটায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এবার আমরা বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছি। এটি এমন একটি সময়, যার কিছুদিন পূর্বে এদেশ থেকে স্বৈরাচার খুনি হাসিনা পদত্যাগ করে পালিয়েছে। জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা থেকে আমাদের বিরত থাকতে বলা হয়েছে। কারণ ভারতের পানি আগ্রাসনে দেশের ১১টি জেলার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা কষ্টে দিনযাপন করছেন। আমরা আমাদের সকল ক্ষেত্রের খরচ কমিয়ে সেই টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছি।’
শরীফুজ্জামান বলেন, আওয়ামী লীগ টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থেকে এই দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। এই দীর্ঘ সময়ে তারা মানুষের ওপর ক্ষমতার অপব্যবহার করেছে। হামলা, মামলা ও গুমের শিকার হতে হয়েছে আমাদের। কিন্তু বিএনপি শহীদ জিয়ার আদর্শের দল। কোনো শক্তিই আমাদের নেতা-কর্মীদের দমিয়ে রাখতে পারেনি। রাজপথে লড়াই-সংগ্রাম করে বিএনপি তার রাজনীতি টিকিয়ে রেখেছে, যা এখন আরও উজ্জীবিত।

শরীফ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখেন, সেই নতুন বাংলাদেশকে গড়ে তোলবার জন্য আমরা চুয়াডাঙ্গা জেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সংগঠন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি।’
তিনি বলেন, ‘ক্ষমতার পালাবদলে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এখন আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই। প্রত্যেক নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করবে। তাই দলের নেতা-কর্মীদের সবক্ষেত্রে সচেতন নাগরিকের দায়িত্ব পালন করতে হবে। মানুষের সঙ্গে মিশে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে কাজ করতে হবে। উপজেলা, থানা, ইউনিয়ন, পৌর এমনকি ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদেরও পরিশ্রম করতে হবে। মানুষের ভালোর জন্য করা পরিশ্রম নিশ্চয়ই ভালো ফল বয়ে আনবে।’ তিনি বিএনপির প্রতিষ্ঠার দিনকে স্মরণ করেন এবং ছাত্র-জনতার গণআন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য শেষ করেন।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনা, ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতা-কর্মীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম নজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ওলামা দলের সদস্যসচিব ও কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মওলানা আনোয়ার হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর শেফালী খাতুন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরীন বেগম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মাহাবুব, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মৎস অবমুক্ত করা হয়েছে। গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি রেললাইনের পাশ্ববর্তী বিলে মৎস অবমুক্ত করা হয়। প্রধান অতিথি থেকে মৎস অবমুক্ত করেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব হাকিম মুন্সি। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক পিণ্টু।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সংক্ষিপ্ত পরিসরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কর হয়েছে। গতকাল সকালে পৌর শহরের সাদাব্রিজ সংলগ্ন দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। বন্যার্তদের সহায়তার জন্য প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সংক্ষিপ্ত করে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা এমদাদুল হক ডাবু, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুদ্দিন আলম কনক ও যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুবদল নেতা সাদ্দাম, পিয়াল, আজমীর হোসেন, সুজন, কুমারী ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ কামরুজ্জামান সণ্টু, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, বিএনপি নেতা হামিদ মোল্লা, শুকচাঁদ, সুজন আলী, আবু তৈয়ব, কুমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আওয়াল প্রমুখ। পরে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

হাটবোয়ালিয়া:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাটবোয়ালিয়া বাজারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টায় ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সন্ধ্যা সাতটায় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা, উপজেলা যুবদলের সদস্য আবুজার, সেলিম রেজা, ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম বদরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন কাজী আবু মুছা।

দর্শনা:
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনা থানা ও পৌর বিএনপির উদ্যোগে পৃথক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল চারটায় দর্শনা বাস স্ট্যান্ড সংলগ্ন আল-হেরা ইসলামী একাডেমি প্রাঙ্গণে থানা বিএনপি’র উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। থানা বিএনপি’র সহ-সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপি’র সভাপতি খাজা আবুল হাসনাত। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আহমদ আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক খাইরুল আলম ও সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন।
অপরদিকে, দর্শনা পৌর বিএনপির আয়োজনে পৃথক আলোচনা সভা ও দোয়া অনষ্ঠিত হয়। দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর সমন্বয় কমিটির সদস্য হাজী খন্দকার শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা এনামুল হক শাহ মুকুল। সমন্বয় কমিটির সদস্য ইকবাল হোসেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এসময় পৌর বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর:
কেন্ত্র ঘোষিত নির্দেশনা অনুযায়ী আয়োজনের খরচ বাঁচিয়ে বন্যার্তদের সাহাযার্থে মেহেরপুরে সংক্ষিত পরিসরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিএনপির দুই নেতার মৃত্যুতে সংক্ষিপ্ত আয়োজনটিও স্থগিত করা হয়। তবে, অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গতকাল দুপুরে মেহেরপুর জেলা জাসাসের উদ্যোগ জেলা শিশু একাডেমি মিলনায়তনে এর আয়োজন করা হয়। জেলা জাসাসের সভাপতি মাহফুজুর রহমান অশেষের সভাপতিত্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বি এন পির সভাপতি মাসুদ অরুণ।
ঝিনাইদহ:
বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে গতকাল রোববার ঝিনাইদহে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, সাজেদুর রহমান পাপপু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মাহবুবুর রহমান শেখর, তহুরা বেগম ও ফারহানা রেজা আনজু প্রমুখ বক্তব্য দেন।
বিএনপি সভাপতি এম এ মজিদ বলেন, নির্বাসিত গণতন্ত্র আদায়ে দলের অনেক নেতা-কর্মী জীবন উৎসর্গ করেছে। ছাত্র-জনতার আত্মদানে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষায় বিএনপি পিছু পা হবে না। তিনি বলেন, আগামী দিনে দেশের মানুষের বাক স্বাধীনতার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আলোচনা সভা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
সমীকরণ প্রতিবেদন